বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বহুল আলোচিত নতুন রোডস্টার মডেলের আন্ডারবডি বা নিম্নকাঠামো তৈরির প্রকৌশলগত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি প্রকৌশলী তারেক সরোয়ার। বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সময় তিনি গাড়িটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা মূল্যায়ন ও বিশ্লেষণে কাজ করেন। সম্প্রতি গাড়িটির চূড়ান্ত রূপ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই কর্মঅভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
গাড়ি নির্মাণের ক্ষেত্রে বাহ্যিক ডিজাইনের পাশাপাশি এর অভ্যন্তরীণ কাঠামো ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী থাকাকালীন তিনি টেসলায় কাজ করার এই সুযোগ পান। রোডস্টারের নতুন মডেলের আন্ডারবডির দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়ে তার করা বিশ্লেষণ পরবর্তী সময়ে যন্ত্রাংশটির চূড়ান্ত নকশা প্রণয়নে ব্যবহার করা হয়।
প্রচলিত অটোমোবাইল শিল্পে সাধারণত একাধিক ধাতব পাত ও যন্ত্রাংশ জোড়া লাগিয়ে গাড়ির আন্ডারবডি তৈরি করা হয়। তবে টেসলা এই সনাতন পদ্ধতির বাইরে গিয়ে পুরো কাঠামোটি একটিমাত্র আস্ত যন্ত্রাংশ হিসেবে তৈরির পরিকল্পনা হাতে নেয়। উৎপাদন প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে নেওয়া এই বড় উদ্যোগে উপাদানের মান ও স্থায়িত্ব নিখੁুঁতভাবে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি ছিল, যেখানে নেপথ্যে কাজ করেছেন এই বাংলাদেশি প্রকৌশলী।


























