ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, আয়বৈষম্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে টানা তৃতীয় সপ্তাহের মতো রাজপথে নেমেছেন লাখো মানুষ। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে এবং দিন শেষে দেশজুড়ে মোট ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বিক্ষোভের বড় অংশ শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি স্থানে মিছিলের শেষ পর্যায়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। হ্যালোইন উৎসবের দিন হওয়ায় অনেক বিক্ষোভকারীকে বিচিত্র পোশাকে মিছিলে অংশ নিতে দেখা যায়। এদিকে বিক্ষোভে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা নিয়ে সরকারি হিসাব ও আয়োজকদের দাবির মধ্যে পার্থক্য রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে সারা দেশে ৩ লাখ ২০ হাজার মানুষ অংশ নিলেও যুব ও শিক্ষার্থী ইউনিয়নগুলোর দাবি, এই সংখ্যা প্রায় পাঁচ লাখ। প্যারিসের পূর্বাঞ্চলে বিক্ষোভের শেষ পর্যায়ে কিছু মুখোশধারী ব্যক্তি পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ায় এবং আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।























