প্রকাশ্যে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। সংগঠনটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত কোনো ব্যক্তির এমন আচরণ স্বাধীন সাংবাদিকতা, গণতান্ত্রিক সহনশীলতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী।
সম্প্রতি ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জাতীয় দৈনিকটি ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জেজেইউ জানায়, সংবাদমাধ্যমের কোনো প্রতিবেদন, সম্পাদকীয় অভিমত বা রাজনৈতিক বিশ্লেষণের সঙ্গে যেকোনো ব্যক্তি বা সংগঠনের দ্বিমত থাকতে পারে। তবে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে যুক্তি ও পাল্টা বক্তব্যের মাধ্যমেই সেই ক্ষোভ বা সমালোচনা প্রকাশ করা উচিত।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। কোনো পক্ষেরই এমন অবস্থান নেওয়া সমীচীন নয়, যা স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করে। গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা এবং একই সঙ্গে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে সংযত আচরণ নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি।
গণমাধ্যমের প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে আইনি ও প্রাতিষ্ঠানিক প্রতিকারের ওপর গুরুত্ব দিয়ে জেজেইউ প্রেস কাউন্সিলকে একটি শক্তিশালী, নিরপেক্ষ ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার জোর দাবি জানায়।






















