বগুড়া জেলায় প্রস্তাবিত ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’-এর ভৌত অবকাঠামোগত কাজের প্রাথমিক প্রস্তুতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে নির্ধারিত প্রস্তাবিত স্থান সরেজমিন পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রোববার (১ নভেম্বর) সকালে বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এসপি ব্রিজ সংলগ্ন এলাকা এবং সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের গৌরিদাসপুর এলাকা সরাসরি ঘুরে দেখেন তিনি। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাউবো) এই বৃহৎ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে।
পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী প্রকল্পের প্রথম পর্যায়ের আওতায় প্রস্তাবিত সার্বিক উন্নয়ন পরিকল্পনা, করতোয়া নদী পুনঃখনন কর্মসূচি, নদীতীর সংরক্ষণ কাজ, নদীভাঙন রোধ এবং আনুষঙ্গিক ভৌত অবকাঠামো নির্মাণের প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি সম্পর্কে দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নেন।
নদী ভাঙন প্রতিরোধ ও রূপান্তরের এই প্রকল্পে সার্বিক পরিকল্পনা ও কারিগরি গুণগত মান কঠোরভাবে বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে অবকাঠামোগত কাজ সুসম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।






















