চাঁদপুর পৌরসভাকে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নাগরিক সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। একই সাথে পৌরসভার পূর্বের ৩০ কোটি টাকা বকেয়া রেখে যাওয়া দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এই ঘোষণা দেন।
উক্ত অনুষ্ঠানে চাঁদপুরের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী যৌথভাবে চাঁদপুর পৌরসভার ২৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীর হাতে দীর্ঘদিনের বকেয়া এককালীন আনুতোষিক (গ্র্যাচুইটি) বাবদ মোট ২ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার সরকারি চেক তুলে দেন। অবসরপ্রাপ্ত কর্মচারীদের উদ্দেশ্যে এমপি বলেন, অর্জিত এই অর্থ দিয়ে সর্বপ্রথম নিজেদের ব্যক্তিগত ঋণ পরিশোধ ও প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা উচিত। জীবনের শেষ প্রান্তে এসে সন্তানদের মুখাপেক্ষী না হয়ে নিজেদের উপার্জিত অর্থ নিজেদের কল্যাণে ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া কর্মচারীদের বেতন থেকে কেটে রাখা টাকা যেন অবসরের পর কালবিলম্ব না করে দ্রুততম সময়ে হস্তান্তরের ব্যবস্থা করা হয়, সে ব্যাপারে পৌর প্রশাসনকে বিশেষ তাগিদ দেন তিনি।
পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও রাজস্ব বৃদ্ধি প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমপি মানিক চাঁদপুরের পতিত জমিগুলোতে ডে-পার্ক ও নাইট-পার্ক নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন। হকারদের পুনর্বাসনের বিষয়ে নজর দিয়ে তিনি বলেন, হকারদের অনাকাঙ্ক্ষিত উচ্ছেদ না করে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া পৌরসভার বকেয়া রাজস্ব আদায়ে কড়া মনোভাব প্রকাশ করে তিনি জানান, যারা বছরের পর বছর নিয়ম ভেঙে পৌরকর ও পানির বিল বকেয়া রাখছেন—তাদের নাগরিক সেবা সাময়িকভাবে স্থগিত করা উচিত। চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদারসহ বিএনপি ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















