কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করার জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে কৃষ্ণসাগর দিয়ে নতুন শস্য পরিবহন করিডর চালুর বিষয়ে একমত হয়েছেন তিনি। ইস্তাম্বুলে জেলেনস্কির সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানান, বেসামরিক জাহাজে হামলা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং তা মেনে নেওয়া যায় না।
এরদোয়ান বলেন, বেসামরিক জাহাজে হামলা ও কৃষ্ণসাগরে উত্তেজনা বৃদ্ধিকারী যেকোনো কর্মকাণ্ড কারোরই স্বার্থ রক্ষা করবে না। যে পক্ষই এসব হামলা চালাক না কেন, তাদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। এদিকে এরদোয়ানের এই বক্তব্যের দিনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান যে, কৃষ্ণসাগরে সীমিত পরিসরে যুদ্ধবিরতির বিষয়ে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে, যার মূল লক্ষ্য রাশিয়া ও ইউক্রেনের শস্য এবং জ্বালানি পরিবহন নিরাপদ রাখা।
তুরস্ক মস্কো ও কিয়েভ উভয় পক্ষের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখলেও বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার ঘটনায় আঙ্কারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জেলেনস্কি জানান, কৃষ্ণসাগরের নিরাপত্তা পরিস্থিতি জটিল করে তুলছে রাশিয়া। তবে এরদোয়ানের সঙ্গে বৈঠকে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং শস্য পরিবহন করিডর চালুর বিষয়ে তারা ফলপ্রসূ আলোচনা করেছেন। এই সমঝোতা বাস্তবায়িত হলে ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাও নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।























