টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়া ‘নিলসাগর এক্সপ্রেস’ ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে আসা একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে।
মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার জানিয়েছেন, বর্তমানে ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত এলাকায় সতর্কতার অংশ হিসেবে ট্রেনগুলো কম গতিতে চলাচল করছে।






















