চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। তবে মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে সাক্ষীকে জেরা করার জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করেছেন তার আইনজীবীরা। আদালত আগামী ৩০ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন।
চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিরের আদালতে এই বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। নিরাপত্তার স্বার্থে প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে অনলাইন মাধ্যমে আদালতের কার্যক্রমে যুক্ত রাখা হয় এবং অন্য ২৬ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


























