সোমবার শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল, দুপুরে জরুরি সংবাদ সম্মেলন
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার দুপুর ৩টায় শাহবাগ এলাকার ‘শহীদ হাদি চত্বর’ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হবে।
রোববার (২১ ডিসেম্বর) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেইজে পোস্টার প্রকাশ করে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার না হওয়ায় তারা রাজপথে কর্মসূচি অব্যাহত রাখতে বাধ্য হচ্ছে।
এর আগে একইদিন ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, সোমবার দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনটির অভিযোগ, শহীদ ওসমান হাদির মতো গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বা সহকারী উপদেষ্টার পরিবর্তে একজন অতিরিক্ত আইজিপিকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়েছে, যা ঘটনাটিকে গুরুত্বহীন করার শামিল।
ইনকিলাব মঞ্চের বক্তব্যে বলা হয়, প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান ও আশানুরূপ কোনো প্রশাসনিক পদক্ষেপের ব্যাখ্যা না পাওয়ায় পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। এই প্রেক্ষাপটেই সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করবে সংগঠনটি।
এর আগে রোববার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম জানান, হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের সর্বশেষ অবস্থান শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তিনি বলেন, অনেক সময় অপরাধীরা নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ায়, সে বিষয়টিও তদন্তে বিবেচনায় রাখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর এক সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকেই ইনকিলাব মঞ্চ ও বিভিন্ন শিক্ষার্থী সংগঠন দোষীদের শনাক্ত ও দ্রুত বিচারের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত শনিবার হাদির দাফন শেষে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। নতুন কর্মসূচিকে সেই আল্টিমেটামের পরবর্তী ধাপ হিসেবে দেখছে আন্দোলনকারীরা।















