খুলনার উপকূলীয় উপজেলা কয়রা ও দাকোপে নিরাপদ পানির তীব্র সংকট নিরসনে নতুন করে ৭ হাজার ৩৬০টি পরিবারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে সুপেয় পানি সরবরাহ নির্বিঘ্ন করতে এক হাজারেরও বেশি নলকূপ স্থাপন, অর্ধশত পুকুর পুনঃখনন এবং ৩২টি খাল খননসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে সুপারিশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খুলনা নগরীতে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘের (জেজেএস) উদ্যোগে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এসব তথ্য ও চাহিদা তুলে ধরা হয়। সভায় ২০২৬-২৭ অর্থবছরে এসব পরিকল্পনা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপস্থাপিত তথ্যে বিগত অর্থবছরের লক্ষ্যমাত্রা ও বাস্তবায়নের তুলনামূলক চিত্র পর্যালোচনা করা হয়।
বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে মিষ্টি পানির উৎস প্রতিনিয়ত সংকুচিত হয়ে পড়ছে। ফলে স্থানীয় জনগোষ্ঠীর সুপেয় পানির নিশ্চয়তা প্রদানে টেকসই সংরক্ষণাগার নির্মাণ ও প্রাকৃতিক জলাধার সংস্কারে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।


























