হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়িকে হত্যার অপরাধে জামাতা মো. অলিউর রহমান অলিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি অলিউর রহমান জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে আসামি তার শাশুড়ি জাহানারা বেগমকে স্বর্ণালংকার কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে চুনারুঘাটের জাতীয় উদ্যানের বেতবাগান থেকে উদ্ধার করা গলিত লাশের পরিচয় শনাক্তের পর নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এ রায় দেন।


























