ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা কোনো জোটই অর্জন করতে পারেনি। ভোট গণনায় বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার মিত্ররা এগিয়ে থাকলেও সরকার গঠনের মতো একক শক্তি তাদের হাতে নেই। বুথফেরত জরিপ ও প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ জোট সর্বোচ্চ ৫৬টি আসন পেতে পারে, অন্যদিকে প্রধান বিরোধী জোট পেতে পারে ৪৯টি আসন।
পশ্চিম জেরুজালেমে দলীয় কার্যালয়ে সমর্থকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, চূড়ান্ত ও প্রকৃত ফলের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে তিনি দাবি করেন, তাঁর দলই পার্লামেন্টে সবচেয়ে একক বৃহৎ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। বক্তব্যে তিনি তাঁর আগের মেয়াদে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও ভূরাজনৈতিক সমীকরণে ইসরায়েলের কৌশলগত সফলতার নানা দিক তুলে ধরেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শেষ পর্যন্ত চরম রাজনৈতিক দর-কষাকষি ও অপ্রীতিকর জোট গঠনের মুখোমুখি হতে পারেন নেতানিয়াহু। আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট জোটের দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠনের আহ্বান জানাবেন। ফলে উভয় পক্ষই এখন কৌশলগত নানা পথ খোলা রাখছে।























