কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি অন্য জায়গায় সংযুক্তিতে কর্মরত সাত চিকিৎসককে দ্রুত নিজ পদে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার কথা জানান।
সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিতে উপস্থিত হন। তিনি চিকিৎসকদের উপস্থিতি, সেবার মান ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুজন দুস্থ রোগীকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন মন্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনের সময় ১২ জন অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে সাতজন বিভিন্ন স্থানে সংযুক্তিতে কর্মরত এবং বাকি পাঁচজন বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন।


























