অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা, কৃষকের পরম বন্ধু এবং অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের কলকাতার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাসভবনটি চরম অবহেলা ও বেদখলের শিকার হয়েছে। পার্ক সার্কাসসংলগ্ন ঝাউতলার ফজলুল হক সরণির এই রাজকীয় বাড়িটি আজ যথাযথ সংরক্ষণের অভাবে দুষ্কৃতীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। চোখের সামনেই মুছে যাচ্ছে বাংলার ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, শেরেবাংলার ঐতিহাসিক এই বাসভবনটির ঠিকানা ব্যবহার করে বর্তমানে একাধিক প্রাইভেট লিমিটেড কোম্পানি ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। অথচ কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের নথিতে একসময় বাড়িটি ঐতিহ্যবাহী ভবনের তালিকায় থাকলেও বর্তমানে এর কোনো অস্তিত্ব বা সরকারি সংরক্ষণের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বাড়িটির সামনে নেই কোনো পরিচিতিমূলক নামফলকও।























