উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোকে নিজেদেরই দায়িত্ব নিতে হবে এবং ইরানকে বাদ দিয়ে কোনো কার্যকর নিরাপত্তা কাঠামো তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা কাঠামো থেকে ইরানকে পরিকল্পিতভাবে দূরে রাখার কারণে পুরো অঞ্চলে এর নেতিবাচক প্রভাব পড়েছে।
আল-বুসাইদি আরও বলেন, ইরানকে বাইরে রেখে গড়ে তোলা যেকোনো উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থা স্বভাবগতভাবেই অস্থিতিশীল ও দুর্বল হবে। এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে অতীতে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। ভবিষ্যতে বাইরের দেশগুলোর সঙ্গে সামরিক প্রতিশ্রুতির পরিবর্তে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।























