ইসরাইলের আসন্ন নির্বাচনে জনমত জরিপে পিছিয়ে পড়ার মুখে ইরানকে ঘিরে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে ইসরাইলি সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। আসন্ন নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তেল আবিব ধ্বংসকারী পারমাণবিক বিস্ফোরণের একটি ছবি প্রকাশ করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, তাকে ভোট না দিলে দেশ বড় ধরনের পারমাণবিক ধ্বংসের মুখে পড়তে পারে।
ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু ও দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে সামরিক নির্দেশনাসংক্রান্ত বিষয়ে বিরোধ দেখা দিয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছেন নেতানিয়াহু। তবে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ট্রাম্প এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করে আসছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের যেকোনো সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নিরাপত্তা ও জাতীয় বিবেচনার ভিত্তিতে নেওয়া হয়।























