উপকূলরক্ষা বেড়িবাঁধের কাছাকাছি এলাকা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও তা বাণিজ্যিকভাবে বিক্রির ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সৈয়দপুর থেকে ফৌজদারহাট এবং সোনাইছড়ির বকতারপাড়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বালু তোলা হচ্ছে। উপকূলীয় সংবেদনশীল এই এলাকায় এমন কর্মকাণ্ড চলতে থাকলে যেকোনো সময় বাঁধ, বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, সীতাকুণ্ড উপকূলে বালু উত্তোলনের কোনো ধরনের বৈধ অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে বালু তোলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত শুক্রবার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। অন্যদিকে, স্থানীয় এক শিপইয়ার্ডের পরিচালকের দাবি, তাদের ভাড়া নেওয়া লোকজন সরকারি অনুমতি নিয়েই পলি অপসারণের কাজ করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে অনুমতির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।


























