জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় দুই শীর্ষ নেতার এই বৈঠকে দুদেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে। এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে সফররত প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।
জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চারদিনের সফরে গতকাল সোমবার সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনেই তিনি জাপানের শীর্ষস্থানীয় রাজনীতিক, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং মারুবেনি করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রী দেশের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং উন্নত উৎপাদনশিল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি অটোমোবাইল, সেমিকন্ডাক্টর, আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি এবং সার উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহজ শর্তে ঋণ ও চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জাপানের সহায়তা চেয়েছেন সরকারপ্রধান।






















