রাষ্ট্র মেরামত ও সংবিধান সংস্কারের সুনির্দিষ্ট দাবি এবং হাজার হাজার শহীদের রক্তের ঋণ শোধ করার লক্ষ্যেই মাঠে নেমেছে জনতা। কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্রের কাছে মাথানত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, এই ঐক্য কেবল রাজনৈতিক দলগুলোর নয়, বরং এটি সমগ্র দেশবাসীর অধিকার আদায়ের ঐক্য।
আসন্ন লংমার্চ ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, দেশের স্বাধীনতা রক্ষা এবং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের পথ চিরতরে রুদ্ধ করার এই লড়াইয়ে তারা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ দায়িত্ব পালন করলে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, জনগণের অধিকার আদায়ের এই আন্দোলন কোনো হুমকি বা সন্ত্রাস দিয়ে থামানো যাবে না। রাজপথেই সব ধরনের অপতৎপরতার উপযুক্ত জবাব দেওয়া হবে।


























