ডিজিটাল অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের উদ্দেশ্যে রাজধানীতে দিনব্যাপী ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং হুয়াওয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ঘোষণা করা হয়। পাশাপাশি ইন্টারনেটের মান উন্নয়ন, সাশ্রয়ী মূল্যে ডিভাইস সরবরাহ এবং বাংলা ভাষায় ডিজিটাল সেবা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সম্মেলনে বক্তারা বলেন, কেবল ইন্টারনেট সংযোগ পৌঁছে দিলেই ডিজিটাল রূপান্তর সফল হয় না; বরং শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো জরুরি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় টেলিকম নেটওয়ার্কের স্থায়িত্ব বাড়াতেও প্রয়োজনীয় প্রস্তুতির কথা বলা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে সরকার সর্বাত্মক কাজ করে যাচ্ছে। সংযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেশের অগ্রগতির প্রধান অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।


























