বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা খাতের গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসাসেবার অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। জাপানের টোকিওতে ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সেমিনারে ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক সুরক্ষাকে অন্যতম প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। জনসাধারণের জন্য সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিতকরণ, সরকারি হাসপাতালের সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি তিনি ‘ফ্যামিলি কার্ড’ ও বহুমুখী কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের অগ্রগতির কথা তুলে ধরেন।
বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতা তুলে ধরে তিনি বলেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ স্বাস্থ্য চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব। বিশেষ করে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে একটি নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারত্ব এবং কার্যকর স্বাস্থ্য কূটনীতির কোনো বিকল্প নেই।


























