কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা, চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তার কথায় চীন ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী চীনা সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত লাগায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে এমবাপ্পে স্বীকার করেন যে তার মন্তব্য মোটেও যথাযথ ছিল না। তিনি বলেন, কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না এবং যারা কষ্ট পেয়েছেন, তাদের সবার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। একই সাথে তিনি চীনের মানুষ ও দেশটির ইতিহাসের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথাও পুনর্ব্যক্ত করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পছন্দের ইন্টারনেট মিম নিয়ে কথা বলার সময় এই বিতর্কের সূত্রপাত হয়। এমবাপ্পে তার মুখ মাও সে-তুংয়ের শরীরে বসানো একটি ছবি নিয়ে কথা বলেন এবং মাওকে ‘চীনা স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করেন। এরপরই চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।
চীনে এমবাপ্পের জনপ্রিয়তা এবং বাণিজ্যিক উপস্থিতি বেশ উল্লেখযোগ্য। ধারণা করা হচ্ছে, এই বিতর্ক তার বিপণনমূল্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ক্ষমা চাওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।























