বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে এখন প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা ইতোমধ্যে নিশ্চিত হওয়ায় এখন দল গোছানো এবং কৌশল নিরীক্ষার সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচগুলোকে।
আর্জেন্টিনা ১১ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে এই ম্যাচ। এরপর ১৪ অক্টোবর শিকাগোয় ক্যারিবিয়ান দেশ পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। ওই ম্যাচের সময় বাংলাদেশে ভোর ৫টা।
দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা কোচ স্কালোনি ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন তিন দিন আগে। দলে নিয়মিতদের পাশাপাশি রয়েছেন নতুন মুখও। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রেসিং ক্লাবের গোলকিপার ফাকুন্দো ক্যামবেসেস, রিভার প্লেটের সেন্টার ব্যাক লাওতারো রিভেরো এবং পালমেইরাসের মিডফিল্ডার আনিবাল মোরেনো।
অন্যদিকে, ব্রাজিলও অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ১০ অক্টোবর সিউলে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। এরপর ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলবে তারা, যা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।
ব্রাজিল কোচ আনচেলত্তি ১ অক্টোবর ঘোষণা করেছেন ২৬ সদস্যের দল। এবার দলে নেই নেইমার। তবে রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রকে ফিরিয়ে এনেছেন তিনি।

















