মহান বিজয় দিবসে সৈকতের আকাশজুড়ে এফ–৭ যুদ্ধবিমানের দৃষ্টিনন্দন প্রদর্শনী
মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের আকাশজুড়ে বাংলাদেশ বিমানবাহিনীর মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়েছে। অত্যাধুনিক যুদ্ধবিমানের এই আকাশ প্রদর্শনী বিজয়ের আনন্দকে আরও বর্ণিল করে তোলে এবং দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।
সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারেও পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার আকাশজুড়ে বাংলাদেশ বিমানবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট।
এই ফ্লাই পাস্টে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি অত্যাধুনিক এফ–৭ বিডি (F-7 BGI) যুদ্ধবিমান অংশগ্রহণ করে। প্রায় ২০ মিনিটব্যাপী আকাশ প্রদর্শনীতে যুদ্ধবিমানগুলোর নিখুঁত উড্ডয়ন, গতিশীল কৌশল ও সমন্বিত ম্যানুভারে ফুটে ওঠে বিমানবাহিনীর উচ্চমাত্রার পেশাদারিত্ব, দক্ষতা ও যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা।
কক্সবাজার শহরের পাশাপাশি মহেশখালীর মাতারবাড়ি এলাকাতেও এই ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়। সৈকতে অবস্থানরত দেশি-বিদেশি পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং শিশু-কিশোররা মুগ্ধ হয়ে উপভোগ করেন আকাশে ছুটে চলা যুদ্ধবিমানগুলোর দৃষ্টিনন্দন প্রদর্শনী।
বাংলাদেশ বিমানবাহিনী জানিয়েছে, ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’—এই মূলমন্ত্র ধারণ করে বাহিনী দেশের আকাশসীমা রক্ষায় সর্বদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ। ফ্লাই পাস্ট কর্মসূচির মাধ্যমে কেবল সামরিক সক্ষমতার প্রদর্শনই নয়, বরং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বিমানবাহিনীর দৃঢ় প্রত্যয়ও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
মহান বিজয় দিবসে এমন আয়োজন কক্সবাজারের উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে এবং সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও গর্ববোধকে নতুন করে জাগিয়ে তোলে।
















