সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখার পর বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট পুনরায় চালু করা হয়েছে। রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারী ও গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার থেকে ওয়েবসাইটটির স্বাভাবিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীতে কারিগরি টিম সার্বিক ঝুঁকি পর্যালোচনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পর সাইটটি সচল করার সিদ্ধান্ত নেয়। একই ধরনের সতর্কতার অংশ হিসেবে এর আগে পিএইচপি প্ল্যাটফর্মে তৈরি কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।


























