যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন ও নীতি সংক্রান্ত উচ্চতর ফেলোশিপ সম্পন্ন করেছেন নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক। অক্সফোর্ডের ওরচেস্টার কলেজে অনুষ্ঠিত ‘অ্যাডভান্সড প্রোগ্রাম অন এআই ল অ্যান্ড পলিসি’ শীর্ষক এই আবাসিক কোর্সে তিনি বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আওতায় অংশ নেন এবং সফলভাবে সনদ অর্জন করেন।
আয়োজকদের তথ্যমতে, সাতটি প্রধান অধিবেশনের মাধ্যমে সাজানো এই কোর্সে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে বিদ্যমান আইনি কাঠামো, নিয়ন্ত্রণকারী সংস্থা ও আইন পেশাকে পরিবর্তিত করছে, তা পর্যালোচনা করা হয়। বিশেষ করে বিচার বিভাগ ও জনসেবায় এআই ব্যবহারের ক্ষেত্রে জবাবদিহিতা, তথ্য সুরক্ষা, অ্যালগরিদমের সিদ্ধান্তে মানুষের নিয়ন্ত্রণ বা ‘হিউম্যান-ইন-দ্য-লুপ’ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং ক্ষতির দায় নির্ধারণের মতো নীতিগত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
কর্মসূচিতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া নিয়ন্ত্রণ রোধে প্রতিযোগিতা আইনের ভূমিকা এবং গ্লোবাল সাউথের দেশগুলোতে এআই যাচাই ও ক্ষতি নিরূপণে প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি নিয়েও আলোকপাত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন বিচারক, গবেষক, আইন উপদেষ্টা ও প্রযুক্তি বিশেষজ্ঞ এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অভিজ্ঞতা বিনিময় করেন। কুষ্টিয়ার কুমারখালীর সন্তান আব্দুল মালেকের এই অংশগ্রহণ এআই আইনের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


























