ভারতে নির্বাচনি অনিয়মের অভিযোগে আন্দোলন চলাকালে আটকের পরদিন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। শনিবার আদালত তার মুক্তির আদেশ দিয়ে ৫০ হাজার রুপির বন্ড জমা দেওয়ার পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকারনামা দেওয়ার নির্দেশ দেন।
এর আগে শুক্রবার দিল্লির কনট প্লেস এলাকায় নির্বাচনি জালিয়াতির প্রতিবাদে আয়োজিত ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা ওড়াও) কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার প্রাক্কালে পুলিশ অভিজিৎকে আটক করে। একই কর্মসূচি থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছিল। তবে শনিবার ভোরে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হলেও অভিজিৎকে দিল্লি পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও যান চলাচল স্বাভাবিক রাখতেই আগাম পদক্ষেপ হিসেবে তাদের আটক করা হয়েছিল। নেহা বোরাকে দিল্লি পুলিশ আইনের আওতায় প্রক্রিয়াসম্পন্ন করে মুক্তি দেওয়া হলেও অভিজিতের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে মামলা দেওয়া হয়। এর আগে গত বছরের ১০ অক্টোবরও বিমানবন্দর থেকে তাকে একই ধরনের অভিযোগে আটক করা হয়েছিল।
এদিকে মুক্তি পাওয়ার পর শিক্ষার্থী নেত্রী নেহা বোরা পুলিশের পদক্ষেপ ও কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে এ ধরনের আটককে বেআইনি আখ্যা দেন। একই সাথে তিনি ভোটার তালিকার বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।























