পারস্য উপসাগরে নৌমাইনের আঘাতে অপরিশোধিত জ্বালানি তেলবাহী আরেকটি সুপারট্যাংকার ক্ষতিগ্রস্ত ও অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বিস্ফোরণের পর জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসির তথ্যমতে ওই ট্যাংকারে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। নৌযানটি নিজস্ব রাডার এবং নেভিগেশন ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে অননুমোদিত জলসীমায় চলাচলের চেষ্টা করছিল। সে সময় একটি নৌমাইনের সংস্পর্শে এলে ট্যাংকারটির ইঞ্জিনকক্ষে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং সেটি পরিচালনা অনুপযোগী হয়ে পড়ে।
তেহরানের দাবি অনুযায়ী, সাম্প্রতিক সময়ের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ এ অঞ্চলে নৌমাইনের শিকার হওয়া এটি দ্বিতীয় কোনো সুপারট্যাংকার। তবে এই ঘটনার সত্যতা আন্তর্জাতিক কোনো স্বতন্ত্র সূত্র থেকে এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।























