ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভাষায় কটাক্ষ করে ‘মিথ্যাবাদী’ বলেছেন মার্কিন কংগ্রেসম্যান রো খান্না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতানিয়াহুর হাতে হাজারো নিষ্পাপ ফিলিস্তিনি শিশুর রক্ত লেগে রয়েছে।
সম্প্রতি পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে ওয়াশিংটন পোস্টের এক আলোকচিত্রী লাঞ্ছিত ও আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মার্কিন এই আইনপ্রণেতা। তিনি জোর দাবি জানান, ইসরাইলি বসতি স্থাপনকারীদের অবৈধ সহিংসতা বৃদ্ধিতে আমেরিকার পক্ষ থেকে প্রদত্ত সরঞ্জাম বা আর্থিক সহায়তা অবিলম্বে স্থগিত করা প্রয়োজন।
রো খান্না নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, গত জুলাই মাসে খিরবেত জানুতা এলাকায় পরিদর্শনের সময় ইসরাইলি বসতি স্থাপনকারীরা তাকে এবং নিউ ইয়র্ক টাইমসের এক আলোকচিত্রীকে আটকে রেখেছিল। সে সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্টো তাকে মিথ্যাবাদী আখ্যা দেন। এর জবাবে নেতানিয়াহুকে অভিযুক্ত করে তিনি বলেন, প্রকৃত সত্য ঢাকা দিয়ে ইসরাইল সেখানে সহিংসতা অব্যাহত রেখেছে।























