ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৭ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার ভোরে কোটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ২৭ জন যাত্রী ছিলেন।
জানা গেছে, বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাতু শ্যাম মন্দিরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী এবং রাজু।
একজন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের চিকিৎসা চলছে, তবে প্রাথমিকভাবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি সড়কের পাশের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে যাত্রীদের চিৎকার ও হইচই শুরু হলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।























