ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুক্তরাজ্যের তৈরি সৌদি আরবের একটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। হুথিসংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু যুদ্ধবিমানটির দিকে ধেয়ে যাওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। তবে বিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে ব্রিটেন থেকে ৭২টি টাইফুন যুদ্ধবিমান ক্রয়ে সৌদি আরবের সঙ্গে ৪৪৩ কোটি পাউন্ডের চুক্তি হয়েছিল। লন্ডন দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে রিয়াদকে তাদের অন্যতম প্রধান কৌশলগত মিত্র হিসেবে গণ্য করে আসছে। ফলে এই যুদ্ধবিমানটি সত্যিই ভূপাতিত হয়ে থাকলে, তা হবে এ ধরনের আধুনিক সামরিক বিমানের ক্ষেত্রে অত্যন্ত বিরল একটি ঘটনা। ব্রুনেল ইউনিভার্সিটি অব লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ প্রভাষক স্টিভেন ওয়াগনার জানিয়েছেন, ভিডিওর বিমানটি ইউরোফাইটার টাইফুন বলেই প্রতীয়মান হয়, তবে এর পরিণতি এখনো অস্পষ্ট।
এদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি এবং সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদে প্রথমবারের মতো পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা।























