বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-০ গোলে জিতেছে মোহামেডান। এই জয়ে লিগে তিন ম্যাচের সবকটিতেই জয় নিয়ে ৯ পয়েন্ট অর্জন করেছে সাদা-কালো জার্সিধারীরা। গোল গড়ে পিছিয়ে থাকায় তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষে রয়েছে বাংলাদেশ পুলিশ, যাদের অর্জনও ৯ পয়েন্ট।
অপরদিকে, জয়ের ছন্দে রয়েছে বসুন্ধরা কিংসও। তারা সিটি ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে। লিগে তিন ম্যাচ খেলে এটি তাদের টানা দ্বিতীয় জয়। এবারের লিগের শুরুটা ড্র দিয়ে করেছিল কিংস। ফলে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে প্রথমার্ধে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল পিডব্লিউডি। বিরতির আগে তাদের রক্ষণ ভেঙে কাঙ্ক্ষিত গোল আদায় করে নিতে পারেনি মোহামেডান। তবে দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল পায় তারা। ৪৬ মিনিটে মোহামেডানকে আনন্দের উপলক্ষ এনে দেন সুলেমান দিয়াবাতে। দুই নাইজেরিয়ানের দারুণ রসায়নে গোল পায় মতিঝিলপাড়ার দলটি। এমানুয়েল সানডের বাইলাইনের একটু উপর থেকে বাড়ানো কাটব্যাকে হেডে গোল করেন দিয়াবাতে। পরিকল্পিত আক্রমণ থেকে ৭৮ মিনিটে আরেকটি গোল পায় মোহামেডান। এই গোলটি করেন মিনহাজুল আবেদীন রাকিব। গোলমুখে দিয়াবাতের হেড পাসে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
অন্যদিকে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি বসুন্ধরা কিংসও। বিরতির পর খেলতে নেমে দুই ব্রাজিলিয়ানের সমন্বিত চেষ্টায় ৪৯ মিনিটে গোল পায় তারা। ডি সিলভার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান পায়ের নিখুঁত শটে গোল করেন রবসন রবিনহো। ৭২ মিনিটে স্কোর লাইন ২-০ করেন এমেকা ওগবাহ। স্পট কিকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিটে) কিংসের হয়ে তৃতীয় গোলটি করেন সৈয়দ কাজেম শাহ কিরমানি।
আজ লিগের আরও তিনটি ম্যাচ রয়েছে। গোপালগঞ্জে আবাহনী-চট্টগ্রাম সিটি, ময়মনসিংহে আরামবাগ-বাংলাদেশ পুলিশ এবং মুন্সীগঞ্জে রহমতগঞ্জ-ব্রাদার্স ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হবে। তিনটি ম্যাচই শুরু হবে বেলা ২টা ৪৫ মিনিটে।

























