সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আজেল নিউজ আনুষ্ঠানিকভাবে সাজা কার্যকরের এই তথ্য নিশ্চিত করেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিক হলেন নাজেরুল ইসলাম আব্দুল বাসির এবং সিতি আখতার। মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড চালানোর সময় দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের হাতেনাতে আটক করে। পরবর্তীতে মামলাটির বিস্তারিত তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়।
মামলার বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক অপরাধের ধরন, ভয়াবহতা এবং পবিত্র উপাসনালয়ের সম্মান ও পবিত্রতা লঙ্ঘনের গুরুতর দায় বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। বিজ্ঞ আদালত এই সাজাকে ইসলামী আইনের ‘তা’জির’ বা বিচারকের স্বেচ্ছাধীন বিশেষ শাস্তি হিসেবে নির্ধারণ করেন।
পরবর্তীতে দেশের উচ্চ আদালত এই রায় বহাল রাখেন এবং সাজা বাস্তবায়নের লক্ষ্যে ১৪ অক্টোবর রাজকীয় অধ্যাদেশ বা রয়্যাল অর্ডার জারি করা হয়। আদেশ পাওয়ার পরই বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সঙ্গে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তায় জানিয়েছে, পবিত্র স্থানসমূহের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় এ ধরনের অপরাধে যুক্ত যেকোনো ব্যক্তিকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।






















