ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তরুণ আন্দোলনকারীদের বিক্ষোভে পুলিশি ধরপাকড় ও আটকের কড়া সমালোচনা করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।
রাহুল গান্ধী বলেন, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও দেশের তরুণ সমাজ ও বিরোধী দলগুলো তাদের যৌক্তিক আন্দোলন থেকে পিছপা হবে না। দিল্লির উদ্দেশ্যে আসা বিভিন্ন ছাত্র ও যুব আন্দোলনকারীদের ওপর সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদী ও আরএসএসের বিরুদ্ধে লড়াই করার কারণে তাদের রাজনৈতিক চরিত্র তাঁর খুব ভালো জানা রয়েছে। আন্দোলন দমন করে তাদের শাসন ক্ষমতার পরিধি ধরে রাখা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, দেশের তরুণ সমাজ ও বিরোধী দলগুলো সব বাধা অতিক্রম করে সংবিধান ও বাকস্বাধীনতা রক্ষায় তাদের আন্দোলন চালিয়ে যাবে।























