নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট এক ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাই। রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো কাওয়ালীকান্দা গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মুয়াজ (৭) ও আরাফাত (৬)।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত এক ভাই বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়। তাকে বাঁচাতে অপর ভাই এগিয়ে গেলে সে-ও বিদ্যুতায়িত হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






















