সৌদি আরবের রিয়াদে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে যোগাযোগ ও নজরদারি জোরদার করা হয়েছে।
রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ঘটনার পরপরই সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উইং তৎপর হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও মরদেহ দেশে আনার দাপ্তরিক প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রবাসীদের নিরাপদে থাকার জন্য বিভিন্ন মাধ্যমে নিয়মিত বার্তা দেওয়া হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে মিশনগুলো।


























