আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট থেকে অনেক দিন দূরে থাকলেও ব্যাটের ধারে যে ভাটা পড়েনি, তা আরও একবার প্রমাণ করলেন এবি ডি ভিলিয়ার্স। ৪২ বছর বয়সে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেটপ্রেমীদের অবাক করে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) ২০২৬ আসরে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডি ভিলিয়ার্সের ৪০ বলে অপরাজিত ১১১ রানের মারকুটে ইনিংসে ভর করে ১৫.২ ওভারেই অনায়াস জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। নিজের ইনিংসে ৬টি চার ও ১১টি ছক্কা হাঁকান তিনি। ওপেনার রিচার্ড লেভিও ২৯ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে তাকে যোগ্য সঙ্গ দেন।
টুর্নামেন্টটিতে ডি ভিলিয়ার্সের এমন তান্ডব নতুন কিছু নয়। পূর্ববর্তী আসরেও তিনি ব্যাট হাতে টুর্নামেন্টের শীর্ষ রানসংগ্রাহক ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়ার্স ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে দূরে থাকলেও প্রদর্শনী ক্রিকেটে ফিরেই মাঠ কাঁপালেন।

























