ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সব ধরনের মানবিক সহায়তার আশ্বাস বাংলাদেশের
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর ভয়াবহ ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
শ্রীলঙ্কায় আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ডিটওয়াহর ফলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে-কে পাঠানো এক সমবেদনা বার্তায় এই শোক জানান প্রধান উপদেষ্টা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার উপ-প্রেস সচিব কালাম আজাদ মজুমদার।
বার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে মর্মান্তিক প্রাণহানি ও ভয়াবহ ক্ষয়ক্ষতির সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় আঘাত হানা অন্যতম ভয়াবহ আবহাওয়াজনিত দুর্যোগের মধ্যে এটি একটি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি এবং সমগ্র শ্রীলঙ্কা-র জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। যারা আপনজন হারিয়েছেন, তাদের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
বার্তায় আরও জানানো হয়, এই কঠিন সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার জনগণের পাশে সংহতি প্রকাশ করছে। বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় অন্যান্য মানবিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা।
















