গাজায় ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর আক্রমণ, হত্যাকাণ্ড এবং হাসপাতাল ধ্বংসের বিষয়ে নীরব ভূমিকা পালন করার অভিযোগে বিশ্ব চিকিৎসা সমিতি (ডব্লিউএমএ) থেকে ইসরাইলি মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সদস্যপদ স্থগিত বা বহিষ্কারের দাবি উঠেছে। নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত ডব্লিউএমএ-এর সম্মেলনের সামনে শত শত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এ দাবিতে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, ইসরাইলি চিকিৎসা সমিতি তাদের পেশাগত নীতি ও হিপোক্রেটিক শপথ লঙ্ঘন করে চলেছে এবং গাজার স্বাস্থ্যব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে বরং তাকে সমর্থন দিচ্ছে। এই দাবির পক্ষে ছয় হাজার ৫০০ জনেরও বেশি চিকিৎসাকর্মীর স্বাক্ষর সংবলিত আবেদনপত্র ডব্লিউএমএ-এর কাছে জমা দেওয়া হয়েছে।























