যুক্তযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে এক বন্দুকধারীর অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা এক নারী ও দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শনিবার এই নৃশংস হামলার ঘটনা ঘটলেও, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ, নিহতদের পরিচয় কিংবা হামলাকারী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।
ঘটনার বিবরণে জানা গেছে, বন্দুকধারী এক বাড়িতে প্রবেশ করার পর বাইরে বের হয়ে বিচলিত অবস্থায় সাহায্য চাওয়া দুই নারীকে লক্ষ্য করে গুলি চালান। পরবর্তীতে পেরি স্ট্রিটের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে হামলাকারীর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে শহরের ইতিহাসের অন্যতম ভয়াবহ ধ্বংসযজ্ঞ হিসেবে উল্লেখ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন পেনসিলভানিয়ার গভর্নর।























