ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং যানবাহনে হামলার অভিযোগ ওঠে।
কামজং জেলার চাসাদ গ্রামে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি অভিযানকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত হয়। যৌথ বাহিনীর অভিযানের সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এবং স্থানীয়দের বাধার মুখে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এতে এক নারীর মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়ে পড়লে একাধিক বসতঘর পুড়িয়ে দেওয়া হয়।
সহিংসতা নিয়ন্ত্রণে প্রশাসন চাসাদ থানা এলাকার নির্দিষ্ট সীমানায় জমায়েত নিষিদ্ধ করেছে। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে কাংপোকপি জেলায় কুকি সংগঠনগুলোর পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে।























