ইরানের বিরুদ্ধে চলমান ভয়াবহ সামরিক সংঘাত ‘খুব শীঘ্রই শেষ হবে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এমন মন্তব্য করা হলেও আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক কৌতূহল ও উত্তাপ সৃষ্টি হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য উদ্ধৃত করা হয়। বার্তা২৪.কম-এর আন্তর্জাতিক ডেস্ক সূত্রে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) ‘ইউএস র্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে এই যুদ্ধের সমাপ্তি ঘটবে খুব দ্রুতই—হয় সরাসরি পূর্ণাঙ্গ সামরিক বিজয়ের মাধ্যমে, না হয় যুক্তরাষ্ট্রের নির্ধারিত শর্ত মেনে তাদের কাঙ্ক্ষিত চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে।” একই সঙ্গে তিনি জোর দিয়ে পুনরুল্লেখ করেন, যেকোনো মূল্যে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন চিরতরে রোধ করা হবে এবং তাদের হাতে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান যুদ্ধের সূত্রপাত হয়। এর পর থেকে কয়েক দফায় আন্তর্জাতিক মধ্যস্থতায় শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়। পরবর্তীতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় একটি সাময়িক চুক্তি স্বাক্ষরিত হলেও তা স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারেনি।
এদিকে সংঘাতের ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পরায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ঘটেছে, যার নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতিতে ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পূর্বে বৈশ্বিক মোট ব্যবহৃত জ্বালানি তেলের এক-পঞ্চমাংশই এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হতো।























