মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। নিহতদের মধ্যে নয়জন কারাবন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী রয়েছেন, যিনি কারাগারে এক স্বজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
সিনালোয়া অঙ্গরাজ্যের মাজাতলান শহরের এল কাস্তিয়ো কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে। সিনালোয়া জননিরাপত্তা সচিবালয় জানিয়েছে, কারাগারের ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন রয়েছে।
অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিব সিনুহে তেলেস এক ভিডিও বার্তায় জানান, নিহতদের পরিবারের সঙ্গে সমাজকল্যাণ বিভাগের কর্মীরা যোগাযোগ রাখছেন। সহিংসতার জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, সিনালোয়া অঞ্চলটি মাদক পাচারকারীদের সংঘাতে জর্জরিত হওয়ায় এমনিতেই উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।























