রংপুর সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ১৮শ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি করেছে রংপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
বুধবার রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বরাদ্দের মাধ্যমে রংপুরের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করার প্রক্রিয়া শুরু হলো।
উল্লেখ্য, বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য আরও ২১০ কোটি ৪৯ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায় এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন এই বরাদ্দকে রংপুরের উন্নয়নের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।


























