গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’ পালানোর চাঞ্চল্যকর ঘটনায় সহায়তার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই পুলিশ সদস্য ও আসামির এক বোনকে চার দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন এবং রাজার বোন তাসলিমা। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন।
পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ঢাকা জেলা জজ আদালত থেকে ২৯ জন আসামিকে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে যাচ্ছিল। ভ্যানটি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে ওয়াশরুমে যাওয়ার কথা বলে পিচ্চি রাজা পালিয়ে যান বলে পুলিশ সদস্যরা দাবি করেছিলেন। তবে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার জানিয়েছেন, তদন্তে ওই দাবির সঙ্গে প্রকৃত ঘটনার মিল পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে যে, অর্থের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। এ ঘটনায় চালক নায়েক কামাল হোসেনের বাসা থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


























