হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুতায় লুকিয়ে সোনা পাচারের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মচারীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত সোমবার এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মানিক মিয়া ও মিজানুর রহমান। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক আবুল কাইয়ুম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের রানওয়েতে দায়িত্ব পালনকালে ওই দুই বিমানকর্মীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাদের তল্লাশি করে জুতার ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ৮০টি সোনার বার উদ্ধার করেন।
উদ্ধারকৃত সোনার মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রুহানী ইসলাম।


























