উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচারকারী ও অপরাধী চক্রের মাধ্যমে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে, তাদের একটি বড় অংশ চরম যৌন নিপীড়নের ঝুঁকিতে থাকে। শুধু নারীই নয়, অনেক পুরুষও এই যাত্রাপথে যৌন সহিংসতার শিকার হন বলে তিনি উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, দেশের সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন প্রক্রিয়া কোনো অপরাধী চক্রের হাতে থাকা উচিত নয়।
সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক অবস্থান ও উগ্র ডানপন্থীদের কাছ থেকে পাওয়া হুমকির কথাও তুলে ধরেন। মুসলিম হওয়ার কারণে উগ্র ডানপন্থীরা তাকে লক্ষ্যবস্তু করছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানালেও শরণার্থীদের জন্য নিরাপদ ও বৈধ পথ সীমিত করার সরকারি নীতির সমালোচনা করেছেন রিফিউজি কাউন্সিলের পরিচালক ইমরান হুসেইন। তিনি বলেন, যুদ্ধ ও সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বৈধ পথের পরিধি আরও বাড়ানো প্রয়োজন।























