যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়ার পেছনে নিরাপত্তা হুমকি ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উল্লেখ করেছেন, বিমানগুলো সেখানে রেখে শত্রুকে প্রলুব্ধ করার কোনো প্রয়োজন নেই বলেই সেগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ফেয়ারফোর্ড ঘাঁটিতে কিছু সুনির্দিষ্ট হুমকি থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিমানগুলো খুব বেশি দূরে সরানো হয়নি। হুমকিদাতাদের সতর্ক করে তিনি বলেন, যারা এই হুমকি দিয়েছে, তারা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে।
যদিও ট্রাম্প হুমকির সুনির্দিষ্ট ধরন প্রকাশ করেননি, তবে গত ২৭ সেপ্টেম্বর ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে ঘটে যাওয়া একটি নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার পেছনে ইরান জড়িত থাকতে পারে বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হলেও তেহরান তা অস্বীকার করেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে যে, ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা সব বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে।























