মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপুমনি, আমীর হোসেন আমু ও ফারুক খানের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানান। একই সঙ্গে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সাজা বৃদ্ধির আবেদন জানিয়ে চলতি সপ্তাহেই উচ্চ আদালতে আপিল করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রসিকিউটর আরও জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কাজ চলমান রয়েছে। পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিগত দুই বছরে সাতটি মামলায় শেখ হাসিনাসহ ২৩ জনের মৃত্যুদণ্ড এবং ৬৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। পুরো বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড ও আইনি অধিকার নিশ্চিত করে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে।


























