ইউক্রেনের সুমি অঞ্চলে ভারতের সুপরিচিত প্রতিষ্ঠান ‘কুসুম গ্রুপ’-এর একটি ওষুধ প্রস্তুতকারক কারখানায় রাশিয়ার শাহেদ ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় কারখানার মূল অবকাঠামো প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মী।
১৯৯৪ সালে ভারতীয় উদ্যোক্তা রাজীব গুপ্তের হাত ধরে যাত্রা শুরু করা কুসুম গ্রুপ ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে কারখানাটি স্থাপন করে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রতিষ্ঠানটি সেখানে জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন অব্যাহত রেখেছিল। ইউক্রেন, উজবেকিস্তান, কাজাখস্তানসহ নয়টি দেশে ৫০টিরও বেশি জেনেরিক ওষুধ সরবরাহকারী এই কারখানায় হামলায় আনুমানিক ক্ষয়ক্ষতি চার শত কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, রুশ বাহিনী সাধারণ ওষুধের গুদাম, যোগাযোগ কেন্দ্র ও সেতুতে ড্রোন হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করছে। রুশ ড্রোনের এই আক্রমণের মুখে ইউক্রেনও পাল্টা জবাব হিসেবে ২৫০ কিলোমিটার পাল্লার নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছে।























